নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে গাছের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল আরোহী স্বামী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে একই মোটর সইকেলের সহযাত্রী স্ত্রী সুমিতা রানী (২৫)। নিহত মোটর সাইকেল আরোহী হলেন, জয়ন্ত চন্দ্র রায় (৩০)। সে জেলার ডোমার উপজেলার শালমারা গ্রামের বিমল চন্দ্র রায়ের ছেলে। এ দুর্ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে জেলার নীলফামারী ডোমার সড়কের অচিন তলা নামক স্থানে। জানা যায়, স্বামী স্ত্রী দুজনে জেলার উত্তরা ইপিজেড এ চাকরী করতেন। প্রতিদিনের ন্যায় আজ সকাল ১০ টর দিকে তারা দুজনে একই মোটর সাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা লেগে তারা রাস্তায় পড়ে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়ন্তকে মৃত ঘোষনা করেন। আহত স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।