দিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি শনিবার (১৫ জুলাই) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিদর্শন করেছেন। পরে তিনি হাসপাতালের পরিচালক, মেডিকেল কলেজের অধ্যক্ষ, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজ-খবর নেন ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। হাসপাতাল পরিদর্শনের সময় তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে রোগিদের সেবা করার জন্য চিকিৎসকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, রোগির সেবা করাও একটি ইবাদত। তাই ইবাদত মনে করে গরিব-অসহায় রোগির সেবা দিতে হবে।
হাসপাতাল পরিদর্শনকালে তাঁর সাথে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মো. সারোয়ার জাহান, সহকারী পরিচালক ডা. সরল চন্দ্র রায়, কলেজের অধ্যক্ষ ডা. মো. কামরুল আহসান, বিএমএ’র জেলা সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, সাধারণ সমপাদক ডা. বিকে বোস, সাংগঠনিক সম্পাদক ডা. শরিফ, আইসিইউ’র ইনচার্জ ডা. আফতাব, গাইনি বিশেষজ্ঞ ডা. জাহানারা মুন্নি, মেডিসিন বিশেষজ্ঞ ডা. নুরুজ্জামান, ইন্টার্ণ ডাক্তার এসোসিয়েশনের সভাপতি ডা. ক্লিন দে, সাধারন সম্পাদক রিফাত প্রমুখ।