সিসি ডেস্ক: তসলিমা নাসরিন বাংলাদেশের বিতর্কিত লেখিকা। সব সময় নিজেকে বিতর্কে জড়িয়ে রাখতে পছন্দ করেন। দীর্ঘদিন ধরে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। সেখান থেকেই বিভিন্ন সময় বাংলাদেশের ‘হট টপিকস’ বিষয় নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন তসলিমা।
নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে জনপ্রিয় চিত্রনায়িকা শাবানার কঠোর সমালোচনা করেন তসলিমা নাসরিন।
তিনি লিখেছেন, ‘শাবানা এতকাল পরপুরুষকে আলিঙ্গন করে, তাদের সঙ্গে কোমর দুলিয়ে নেচে যে ‘পাপ’ কামিয়েছেন, তা মোচন করতে হজে যাচ্ছেন, মসজিদ মাদ্রাসা বানাচ্ছেন।’
তিনি আরো বলেন, ‘শাবানা এখন আর অভিনয় করেন না, এখন তিনি বোরখা পরেন। ইসলামের গভীর জলে শরীর মন সব ডুবিয়ে দিয়েছেন এবং মুসলমানের দেশ ত্যাগ করে ইহুদি নাসারাদের দেশ যুক্তরাষ্ট্রে প্রায় একযুগ আগে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গেছেন। যুক্তরাষ্ট্রে ভালো কিছু শেখেননি শাবানা। তিনি বেহেশতে যেতে চান।’
এই স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল তর্ক-বিতর্ক। তসলিমা নাসরিনের স্ট্যাটাসের নিচেও অনেকে স্ট্যাটাসটির সমালোচনা করছেন।
বিডিটুডে