লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পিডিবির সঞ্চালন লাইন ‘মেরামতের সময়’ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার কাকিনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন – উপজেলার চাপারতল এলাকার মনছুর আলীর ছেলে রুবেল মিয়া (২৮) ও একই এলাকার আবদুল জব্বারের ছেলে মোরসালিন (২২)।
কাকিনা ইউনিয়ন পরিষদ সদস্য পাইরুল ইসলাম বলছেন, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে কাকিনা এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুঁটি হেলে পড়েছিল। সেটা রুবেল ও মোরসালিনসহ কয়েকজন চেন-পুলি দিয়ে টেনে সোজা করছিলেন। এ সময় খুঁটি থেকে তার ছিঁড়ে পড়লে তারা ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।