• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |

নতুন বিমানবন্দর স্থাপনের প্রস্তাব

ঢাকা: বিভিন্ন জেলায় নতুন বিমানবন্দর স্থাপনের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা। তারা দেশের বিদ্যমান বিমানবন্দরগুলো আধুনিকায়নেরও প্রস্তাব রেখেছেন।
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিন আজ বুধবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনে এসব প্রস্তাব আসে।
অধিবেশন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, নতুন বিমানবন্দর স্থাপনের প্রস্তাবের মধ্যে একটি স্থান বগুড়া। দেশে দুটি আন্তর্জাতিক বিমানবন্দর হতে যাচ্ছে। এর মধ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরটি হবে সর্ববৃহৎ। এর পাশাপাশি অন্য জায়গায়ও বিমানবন্দর স্থাপনের কথা বিবেচনা করা হচ্ছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের জন্য সমীক্ষা হচ্ছে জানিয়ে রাশেদ খান মেনন বলেন, জুলাই মাসে স্থান নির্ধারণের সমীক্ষা শেষ হবে।
বিভিন্ন জেলার পর্যটন সম্ভাবনা কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও প্রস্তাব রেখেছেন জেলা প্রশাসকরা।
মন্ত্রী বলেন, ‘পর্যটনের অভ্যন্তরীণ ব্যাপ্তি ঘটছে, তার ভিত্তিতে ডিসিরা তাদের নিজেদের অঞ্চলে যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে প্রস্তাব রেখেছেন। আমরা বলেছি যে, পর্যটনের ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অঞ্চলে আমরা সমীক্ষা করেছি এবং আরও সমীক্ষা করছি, অনেকগুলো ক্ষেত্রে বাস্তবায়ন শুরু হয়ে গেছে।’
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে সব জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কার্যঅধিবেশনে অংশ নেন।
প্রতিবছরই এই ডিসি সম্মেলন হয়। সেখান থেকে যেসব সিদ্ধান্ত হয়, তা বছরজুড়ে বাস্তবায়ন করা হয়। এ ছাড়া কিছু মধ্যম ও দীর্ঘমেয়াদি প্রকল্প থাকে, সেগুলো সেই সময় অনুযায়ী বাস্তবায়ন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রমতে, গত বছরের সম্মেলনে যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তার ৯০ শতাংশের বেশি বাস্তবায়িত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ