• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শিক্ষক-শিক্ষার্থী হাতাহাতি

ঢাকা : ডাকসু নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে সিনেট ভবনের সামনে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রগতিশীল ছাত্রজোটের সদস্যরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সিনেট ভবনের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং শিক্ষকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
আজ শনিবার বেলা ৩টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।
নিয়ম অনুযায়ী উপাচার্য প্যানেল নির্বাচনের সময় ডাকসুর চারজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। কিন্তু ডাকসু নির্বাচন না হওয়ায় ওই চারটি পদ খালি রেখেই সিনেটের অধিবেশন শুরু হওয়ার কথা। ডাকসু নির্বাচন না করে আগে উপাচার্য প্যানেল নির্বাচন করায় এর বিরুদ্ধে বিক্ষোভ করে প্রগতিশীল ছাত্রজোট।
সংশ্লিষ্ট সূত্র মতে, আজ শনিবার বিকেল পৌনে ৪টায় সিনেটের অধিবেশন শুরুর আগে জোটের কর্মীরা নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ এম আমজাদের নেতৃত্বে কয়েকজন শিক্ষক তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুল ইসলাম আহত হন।
শেষ খবর পাওয়া পর্যন্ত প্রগতিশীল ছাত্রজোটের কর্মীরা সিনেট অধিবেশনের বাইরে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। স্লোগানে এই সিনেটকে অবৈধ এবং ডাকসু নির্বাচনের দাবি জানানো হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এম আমজাদ বলেন, শিক্ষার্থীরা একটি গণতান্ত্রিক দাবিতে আন্দোলন করায় তাতে বাধা দেওয়া হয়নি। কিন্তু তাঁরা যে শিক্ষকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সেটিও ঠিক হয়নি।
এর আগে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিনেট অধিবেশনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। সদস্যপদ খালি রেখেই উপাচার্য প্যানেল মনোনয়নের জন্য সিনেট অধিবেশন আহ্বান করায় সাদা দল এই সিদ্ধান্ত নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ