সিসি নিউজ : তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুরের দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় ৭ পুলিশ সদস্যের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কমিটি। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) রেজাউল আলমের কার্যালয়ে কমিটি এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।
খুব কাছ থেকে ছোড়া কাঁদানে গ্যাসের শেল সিদ্দিকুরের চোখে লাগে বলে তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ। এই ঘটনায় পুলিশের ৭ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।
এ ঘটনায় যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন, শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর আলী বিশ্বাস ও পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ। এ ছাড়া দাঙ্গা দমন বিভাগের (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট-পিওএম) ৫ কনস্টেবল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর ৭ সরকারি কলেজের পরীক্ষার সময়সূচি ঘোষণার দাবিতে গত ২০ জুলাই শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। এ সময় সেখানে কর্তব্যরত দাঙ্গা দমন বিভাগের ৫ কনস্টেবল ছিলেন আক্রমণাত্মক। তারা হঠাৎ করেই শিক্ষার্থীদের ওপর চড়াও হন। তাদের একজন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি খুব কাছ থেকে কাঁদানে গ্যাসের শেল ছোড়েন। এটি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের চোখে লাগলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। ঘটনাস্থলের কাছে শাহবাগ থানার পরিদর্শক মো. আবু জাফর আলী বিশ্বাস ও পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ থাকলেও তারা পুলিশ সদস্যদের নিবৃত্ত করেননি। এমনকি তারা পুলিশ সদস্যদের সঠিক নির্দেশনাও দেননি। পুলিশ সদস্যরা অপেশাদারসুলভ আচরণ করেন। পুলিশের তদন্ত কমিটির অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
তথ্য-প্রমাণ সংগ্রহের পর পর্যালোচনা করে কমিটি দেখেছে যে এই কাঁদানে গ্যাসের উপকরণ চোখের জন্য ক্ষতিকারক ছিলো। সিদ্দিকুর বর্তমানে ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে চিকিৎসাধীন। তবে তার দৃষ্টিশক্তি ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ বলে চিকিৎসকরা জানিয়েছেন।