জামালপুর : জামালপুরে বিডিআর ক্যাম্পের পাশে চন্দ্রাঘুন্টি রেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ধ্যায় জামালপুর থেকে ২৫৫নং লোকাল ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে শহরের চন্দ্রা রেল ক্রসিংয়ে একটি ব্যাটারি চালিত ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জামালপুর সদর থানার পরিচ্ছন্নতা কর্মী কম্পপুর এলাকার মৃত রেহান মন্ডলের ছেলে সানোয়ার (৪০)।
পরে আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে মারা যান, সদর উপজেলার চন্দ্রা এলাকার মৃত শাহা আলমের ছেলে মীর হোসেন (৩৫), একই এলাকার ইজিবাইক চালক আব্দুর বারেকের ছেলে আব্দুর রহিম (৪০), সদর উপজেলার বাঁশচড়া এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে ইন্তাজ আলী (৫০)। তবে, নিহত একজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনায় আহতরা হলেন- কম্পপুর এলাকার মৃত তুফানুরের ছেলে ফরিদুল হক(৩৮), একই এলাকার মৃত হাতেম আলীর ছেলে গুল বক্স (৩৫), নওশের আলীর ছেলে হোসন আলী (৫০) এবং শাহ্বাজপুর এলাকার আব্দুল আজিজের স্ত্রী সালেহা বেগম (৫০)।
আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।