• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

সৈয়দপুর শহর রক্ষা বাঁধের ভাঙন পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী

সিসি নিউজ: সৈয়দপুর শহরের পাটোয়ারীপাড়ায় খড়খড়িয়া নদীর ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন করেছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। আজ সোমবার সকালে পরিদর্শনের সময় তিনি বলেন, বন্যার্তদের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত আছে। দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আনিসুল ইসলাম বলেন, নদী থেকে পলি অপসারণ অব্যাহত রয়েছে। এ কারণে দেশে কয়েক বছর বন্যা হয়নি। তবে এবারের বন্যা একটু ভিন্নরকম ও ভয়াবহ। সরকার পূর্ব থেকে সতর্ক করছিল, চলতি মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হবে। ভারতেও প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। কাজেই ওই বর্ষণের কারণে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা।

সৈয়দপুর শহর রক্ষা বাঁধটি দ্রুত মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছেন পানিসম্পদমন্ত্রী।

আনিসুল ইসলাম বলেন, বিলীন হওয়া বাঁধ মেরামতে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছে সেনাবাহিনী। ভবিষ্যতে বন্যা মোকাবিলায় সরকার স্থায়ী পরিকল্পনা গ্রহণ করছে।

খড়খড়িয়া নদীর বাঁধ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ ও বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার। নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ রহীম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজলুর রশীদ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, সৈয়দপুর পৌরসভা ও ৫টি ইউনিয়নের পানিবন্দি মানুষকে ১৬টি স্কুল, কলেজ, মাদ্রাসায় সাময়িক আশ্রয়ের জন্য স্থানান্তর করা হয়েছে। ক্লাস বন্ধ রয়েছে প্রায় ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ