এম কে আনোয়ার মুন্না, সিসি নিউজ: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দূর্গতের পাশে থাকবে সরকার। তিনি আজ শুক্রবার সকালে নীলফামারী জেলার সৈয়দপুর স্টেডিয়ামে বন্যা কবলিত এলাকার মানুষদের মাঝে ত্রাণ বিতরনের সময় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বন্যা দূর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরন লোক দেখানো ফটো সেশন নয়- মানুষের পাশে দাঁড়াতে হবে। আর আ’লীগ সরকার ও তাদের দলের লোকজন তাই করেছে। কিন্তু বিএনপি খালি হাতে এসে শুধু ফটো সেশন করে গেছে। তিনি আরো বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে জিয়াউর রহমানকে অবৈধ ক্ষমতা দখলদার বলা হয়েছে- এ ব্যাপারে বিএনপি কোন মন্তব্য করেনি। মৌনতা সম্মতির লক্ষণ নয় কি?
ত্রাণ বিতরনের সময় উপস্থিত ছিলেন, আ’লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজার রহমান, সাংগঠনক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও এবিএম মোজাম্মেল, ত্রাণ ও দুযোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। এ সময় নীলফামারী জেলা প্রশাসক মো: খালেদ রহীম, পুলিশ সুপার জাকীর হোসেন, জেলা আ’লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোখছেদুল মোমিন, ইউএনও বজলুর রশীদ সহ স্থানীয় আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।