ফরিদপুর: চলতি বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা দুর্যোগের সময় বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও থেকে নেয়া ঋণের টাকা দেবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের বন্যার্তদের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। সরকার বন্যার্তদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে চরমাধবদিয়া ইউনিয়নের দুই হাজার ৩৯৫ জনকে ১০ কেজি করে চাল এবং ২০ জনকে অর্থ সহায়তা দেয়া হয়।
মন্ত্রী বলেন, ‘দেশের এই প্রাকৃতিক দুর্যোগে সরকারের সকল পর্যায়ের দপ্তরসহ আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা আপনাদের পাশে থেকে কাজ করে চলেছে। আপনাদের কোনো ভয় নেই। আমরা আপনাদের পাশে রয়েছি। কাউকে অনাহারের রাখবে না শেখ হাসিনা সরকার।’
বন্যার্তদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনারা যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তারা এই দুর্যোগের সময়ে কোনো এনজিওকে ঋণের টাকা দেবেন না। যখন আপনাদের সামর্থ্য আসে তখন টাকা পরিশোধ করবেন।
দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে আরও একবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য নৌকা প্রতীকে ভোটও চান মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নয়ন হয়, বঙ্গবন্ধুর কন্যা দেশ মানুষের জন্য রাজনীতি করেন। এই জন্যই আমাদের উচিত তাকে বার বার এদেশের ক্ষমতায় আনা।’
আওয়ামী লীগ নেতা চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান তুহিনুর রহমান মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।