• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন |

মিয়ানমারে উত্তেজনার পর রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা

সিসি নিউজ: মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ফের বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা। বৃহস্পতিবার রাতে রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ চেকপোস্টে হামলার পর বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সকালে কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমানা অতিক্রম করার সময় ১৪৬ রোহিঙ্গাকে দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা। ফেরত পাঠানো এসব রোহিঙ্গাদের বেশির ভাগ নারী, শিশু ও বৃদ্ধ।

টেকনাফ ২নং বিজিবি’র উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম জমাদ্দার বলেন, ‘বৃহস্পতিবার  মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত নাফ নদী পার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ১৪৬ জন নারী, পুরুষ ও শিশুদের আটক করে মানবিক সহায়তায় পুনরায় স্বদেশে ফেরত পাঠায়। ফেরত পাঠানো রোহিঙ্গাদের মধ্যে কোনও যুবক নেই। শুধু বৃদ্ধ পুরুষ, নারী ও শিশুরা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত রাতে রাখাইন রাজ্যে সেদেশের সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের গোলাগুলি হয়েছে। এতে ১৮টি সেনাবাহিনীর চৌকিতে হামলা করা হয়েছে। এ কারণে এসব রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আশ্রয়ের জন্য ছুটে আসছে।’

উল্লেখ্য, ২০১৬ সালের ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরীণ এলাকায় সন্ত্রাসীদের সমন্বিত হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হওয়ার পর তার দায় চাপানো হয় রোহিঙ্গাদের ওপর। এ ঘটনায় ঘরহারা হয় ৩০ হাজার মানুষ। পালাতে গিয়েও গুলি খেয়ে মৃত্যু হয়েছে তাদের। মৃত্যুর ভয়ে বাংলাদেশে নতুন করে আশ্রয় নিয়েছে ৭০ হাজার রোহিঙ্গা। এসব রোহিঙ্গারা এখনো টেকনাফের লেদা, নয়াপাড়া, শামলাপুর ও উখিয়ার কুতুপালং ও বালুখালীর ক্যাম্পে অবস্থান করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ