সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরের তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়কে সরকারি প্রতিষ্ঠান হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তা জানা গেছে।
জনস্বার্থে জারি করা ওই আদেশে উল্লেখ্য রয়েছে, সরকারিকরণ প্রতিষ্ঠানটিতে বর্তমানে কর্মরত কোন শিক্ষক প্রজ্ঞাপন জারির তারিখ হতে অন্যত্র বদলি হতে পারবে না। এ ছাড়াও বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের উপপরিচালককে প্রজ্ঞাপনটি পরবর্তী গেজেটে প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।
তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয় সরকারিকরণের প্রতিক্রিয়া জানতে কথা হয় ওই প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী সায়মা চৌধুরী সাবা ও দশম শ্রেনীর শিক্ষার্থী জারিন সাবা চৌধুরী একার সাথে। তারা বলেন, এখন সরকারি স্কুলে পড়বো-তা ভাবতেও অবাক লাগছে। সায়মা ও জারিন স্কুলের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
ওই প্রতিষ্ঠানের শিক্ষক জয়দেব কুমার সিসি নিউজকে জানান, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির দিক নির্দেশনায় সকল শিক্ষক-কর্মচারীর প্রচেষ্টায় বিগত চার বছর ধরে জেএসসি ও এসএসসিতে শতভাগ পাশের রেকর্ড বজায় রেখেছে। প্রতিষ্ঠানটি সরকারিকরণে আমাদের উদ্দিপনা আরো বৃদ্ধি পেলো। একই কথা জানালেন প্রতিষ্ঠানের অপর শিক্ষক সাফিকুল ইসলাম চৌধুরী।
তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম চৌধুরী বলেন, আগামীতে প্রতিষ্ঠানটি এ অঞ্চলের একটি মডেল হিসেবে পরিচিতি লাভ করতে সকল প্রকার উদ্যোগ নেয়া হয়েছে। সরকারিকরণে সে উদ্যোগ আরো বাড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানটির সাথে জড়িত সকলের।
প্রতিষ্ঠান প্রধান আমিনুর রহমান সিসি নিউজকে বলেন, আমরা অভিনন্দন জানাই মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার যে উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে মাধ্যমিকস্তরের নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলো ধারাবাহিকভাবে সরকারিকরণ করছে- সে লক্ষ্য ও উদ্দেশ্য অবশ্যই বাস্তবায়ন করতে সর্বদা আমাদের সচেষ্ট থাকতে হবে।
তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের জমিদাতা শহীদ তুলশীরাম আগরওয়ালার নাতি সুমিত কুমার আগরওয়ালা ও অমিত কুমার আগরওয়ালা মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সিসি নিউজকে বলেন, আমাদের স্বর্গীয় দাদা যে উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির জন্য জমি দান করে গেছেন, তা আজ পূর্ণ হলো নিশ্চিত।
কথা হয় বাংলাদেশ আ’লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মো: আব্বাছ আলী সরকারের সাথে। তিনি সিসি নিউজকে বলেন, এ অঞ্চলে তৎকালীন প্রতিষ্ঠিত একমাত্র নারী শিক্ষার এ প্রতিষ্ঠানকে আ’লীগ সরকারই সরকারিকরণ করায় সৈয়দপুরবাসির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।
সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো: আমজাদ হোসেন সরকার সিসি নিউজকে বলেন, সরকার তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করায় এ অঞ্চলের নারী শিক্ষার দ্বার উন্মোচিত হলো। তিনি সৈয়দপুর পৌর পরিষদের পক্ষ্য থেকে সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোকছেদুল মোমিন তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করায় সৈয়দপুরবাসীর পক্ষ্য থেকে মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সিসি নিউজকে বলেন, সরকারিকরণের মাধ্যমে সৈয়দপুরবাসীর একটি স্বপ্ন পূরণ করেছে আ’লীগ সরকার। শীঘ্রই সৈয়দপুরবাসীর একটি কলেজ সরকারিকরণের স্বপ্নটি পূরণ হবে।
উল্লেখ্য যে, তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯১৪ সালে ২ একর ৮৮ শতক জমির ওপর গড়ে উঠে। বর্তমানে ওই প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ৪ শত ছাত্রী অধ্যায়ণ করছে। কর্মরত রয়েছে ২৩ জন শিক্ষক-কর্মচারী।