সিসি নিউজ : ত্যাগ ও আনন্দের মহিমায় উদ্ভাসিত হয়ে মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে আজ শনিবার (২ সেপ্টেম্বর) সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সারাদেশে ঈদের নামাজ শেষে মোনাজাতে দেশ ও সকল মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। একই সঙ্গে দেশে বন্যা কবলিত মানুষের জন্য এবং মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের হেফাজত করতে মহান আল্লাহর অনুগ্রহ কামনা করা হয়।
মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানির মধ্য দিয়ে মুসলিমরা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করেছেন। তবে শনিবার সকাল থেকেই ঢাকাসহ উত্তরের কয়েকটি জেলায় ঈদের খুশিতে বাগড়া দিয়েছে বৃষ্টি।
হযরত ইবরাহীম (আ.)-এর আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে প্রায় সাড়ে ৪ হাজার বছর আগে থেকে শুরু হয় কোরবানির এ প্রচলন।
আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হজরত ইবরাহীম (আ.) তার প্রাণপ্রিয় ছেলে হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। ওই অনন্য ঘটনার স্মরণেই ঈদুল আজহায় পশু কোরবানির এ রেওয়াজ চালু হয়।
মহান আল্লাহপাকের প্রতি আনুগত্য প্রকাশ, তার সন্তুষ্টি অর্জন এবং তারই রাস্তায় সর্বোচ্চ আত্মত্যাগের এ ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় মুসলিম বিশ্বে কোরবানি ও ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে।
মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান এ ধর্মীয় উৎসব উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদুল আজাহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন।