আজমল হক আদিল,বদরগঞ্জ (রংপুর) : রংপুরের বদরগঞ্জে অষ্টম শ্রেনির এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ে বাধা দেয়ায় বাবা ও বড় ভাইকে মারপিটের অভিযোগ উঠেছে। আজ সোমবার(৪সেপ্টেম্বর)সকালে উপজেলার রাধানগর ইউপির পাঠানেরহাট ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্র মতে, রাধানগর পাঠানেরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির এক শিক্ষার্থীকে পাশের গ্রামের জাকির হোসেনের পুত্র বখাটে মিলন দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলো। ঘটনার দিন সোমবার সকালে ওই ছাত্রিকে বখাটে মিলন ও মহেবুল আবারও উত্ত্যক্ত করলে মেয়ের ভাই প্রতিবাদ করে। এতে বখাটে মিলন ও মহেবুল ক্ষিপ্ত হয়ে মেয়ের ভাই শাহ আলমকে এলোপাতাড়ি মারধোর করতে থাকে। ছেলেকে বাঁচাতে বাবা মোহাম্মদ আলি এগিয়ে এলে বাবাকেও তারা মারধোর করে আটকে রাখে।
এ খবর মেয়ের গ্রামের লোকজন জানতে পেরে তাদের উদ্ধারে এগিয়ে আসলে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এতে উভয় পক্ষের ৫ জন আহত অবস্থায় বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এদের মধ্যে গুরুতর আহত মেয়ের ভাই শাহ্ আলম ও ইভটিজিংকারির চাচাতো ভাই আবু রায়হানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মেয়ের মা সাজেদা বেগম জানান; আমার মেয়েকে মিলন,মহেবুল দীর্ঘদিন ধরে ইভটিজিং করে আসছে। তাদের ভয়ে আমার মেয়ে স্কুলে যেতে পারছিলো না। এ ঘটনার পর আমি অবশ্যই আইনের আশ্রয় নিব।
এ দিকে,উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন হীরা ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত হওয়ার অনুরোধ করেন।
বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান; শুনেছি,বিষয়টি পারিবারিক তবে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।