রংপুর: রংপুর-দিনাজপুর মহাসড়কের উত্তম হাজীরহাট মুচিরমোড় এলাকায় শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন— মোটরসাইকেল চালক বুলবুল (৪০) ও যাত্রী আনছারুল (৪২)। তারা নীলফামারী জেলার ডোমার উপজেলার বাসিন্দা।
কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক আজিজুল ইসলাম জানান, বুলবুল ও আনছারুল নীলফামারীর ডোমার থেকে মোটরসাইকেলযোগে রংপুর শহরে আসছিলেন। এসময় মুচিরমোড়ে পৌঁছলে রংপুর থেকে সৈয়দপুরগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয় লোকজন আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হয়।
তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।