কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতনের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও শাস্তির দাবীতে কুড়িগ্রামের ফুলবাড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে ফুলবাড়ি উপজেলা শহরে এ মানব বন্ধনে স্থানীয় আওয়ামীলীগসহ সকল শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন ফলবাড়ি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল খালেক বসুনিয়া, ফুলবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকারিয়া মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা সুমন পোদ্দার, কৃষকলীগ নেতা ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল লতিফ, নাওডাঙ্গা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন, সাবেক ছাত্র নেতা সুমন, সাবেক বিজিবির সদস্য আইয়ুব আলী প্রমূখ।
বক্তারা অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ সাত ছাত্রলীগ নেতাকর্মী ও সমর্থকদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান। দ্রুত সময়ে আসামীদেরকে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেন বক্তারা।
গত ১৯ সেপ্টেম্বর ফুলবাড়ি উপজেলার ফুলসাগর লেকের ইজারা পাওয়ায় মৎস্যজীবী সমবায় সমিতির সহ-সভাপতি কৃষ্ণ চন্দ্র বিশ্বাস টাংরুকে বাড়ি থেকে তুলে আনতে যায় উপজেলা ছাত্রলীগ নেতারা। এ সময় জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন বাধা দিলে তার উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে ছাত্রলীগ নেতারা। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।