বিনোদন ডেস্ক : নায়ক সালমান শাহ’র মৃত্যু রহস্য নিয়ে গেল মাসের প্রথম সপ্তাহে ফেসবুকে ভাইরাল হওয়া আমেরিকা প্রবাসী রুবির ভিডিওটি পিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে আদালত মামলার অন্যতম পলাতক আসামি রিজভীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার এ আদেশ দেন।
ভাইরাল হওয়া ভিডিওতে রুবি দাবি করেন, আত্মহত্যা নয়, সালমান শাহ খুন হয়েছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেই পরিকল্পনার অন্যতম একজন সালমানের স্ত্রী সামিরা। জড়িত আছে তার পরিবারও।
এই ভিডিও প্রকাশের পর তোলপাড় শুরু হয়ে যায় দেশজুড়ে। এরপর আরো বেশ কিছু ভিডিও প্রকাশ করে ঝিমিয়ে পড়া ইস্যুটিকে উসকে দেন রুবি। ২১ বছর ধরেই রহস্য হয়ে থাকা সালমানের মৃত্যুর ঘটনাটি নতুন করে আলোচনায় আসে তখন। দেশজুড়ে সালমান ভক্তরা রুবির ভিডিওটি আমলে নিয়ে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সালমানের খুনীদের শাস্তি নিশ্চিত করতে সরকারকে অনুরোধ করেন।
অবশেষে সেই ভিডিওগুলো আমলে নিতে সালমান শাহের হত্যা মামলা পুনঃতদন্তের দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন সিএমএম আদালত।
এর আগে আজ সোমবার আদালতে হাজির হয়ে সালমান শাহ হত্যা মামলার আইনজীবী ফারুক আহম্মদ সিএমএম আদালতে তিনটি আবেদন করেন। তিনি রুবির ভিডিও সাক্ষী হিসাবে আমলে নেওয়া, সালমান হত্যার অন্যতম আসামি রিজভী আহমেদকে ফের গ্রেফতারে পরোয়ানা জারি এবং হত্যা মামলাটি নির্দিষ্ট সময়ে শেষ করার আবেদন জানান।
এই মামলার দায়িত্বে থাকা পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম আদালতের আদেশ সম্পর্কে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী রুবি সুলতানার ভিডিওগুলোকে গুরুত্ব সহকারেই আমলে নেয়া হবে। সালমান শাহ ‘আত্মহত্যা’করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে’- এই তদন্তের স্বার্থেই এটি করা হবে। প্রয়োজন হলে রুবি সুলতানাকেও দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।