সিসি নিউজ: সৈয়দপুর রেলওয়ে থানায় হামলা চালিয়ে পুলিশের হাতে আটক চোরাচালানী ও জব্দকৃত ভারতীয় মালামাল ছিনিয়ে নেয়ার মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা ঘটনার সাথে জড়িত ৬ জনের নাম উল্লেখ করে গত ১২ সেপ্টেম্বর আদালতে ওই প্রতিবেদন দাখিল করেন।
তদন্ত প্রতিবেদনে উল্লেখিত হামলাকারীরা হলেন, সৈয়দপুর শহরের সাহেবপাড়া মহল্লার আকবর আলীর পুত্র ইকবাল হোসেন ওরফে গুড্ডু, মো: আব্দুল্লাহ মিয়ার পুত্র মোহাম্মদ আলী ওরফে হিরা ও সফিকুল ইসলামের স্ত্রী ফুলমনি বেগম, বাঁশবাড়ী মহল্লার মৃত আলমগীর হোসেনের পুত্র সমসের আলী ওরফে কালু এবং নয়াটোলা মহল্লার ওসমান গনির পুত্র মোস্তাক আহম্মেদ ও মুত নিজাম উদ্দিনের পুত্র নাজমুল হক।
উল্লেখ্য যে, গত ১৮ মে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর নীলসাগর ট্রেনে সৈয়দপুর রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে আটক চোরাচালানি ও তাদের কাছ থেকে জব্দ করা ভারতীয় কাপড় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এ সময় মহিলা পুলিশ সদস্যসহ আহত হয় ৫ পুলিশ সদস্য।
ছিনতাইয়ের ওই ঘটনায় রাতেই এটিএসআই হাফিজুর রহমান নিজে বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।