সিসি নিউজ : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকায় পৌঁছেছেন। বেলা পৌনে ২টার দিকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় আসেন।
বিকাল সোয়া ৪টায় পর সোনারগাঁও হোটেলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে জেসিসির সভায় তার যোগ দেয়ার কথা। এর পর দুই দেশের মধ্যে দুটি চুক্তি সই হওয়ার কথা।
সন্ধ্যা ৬টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় তার সৌজন্যে সোনারগাঁও হোটেলে নৈশভোজের আয়োজন করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
এ ছাড়া রাত ৮টায় সুষমা স্বরাজের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
সোমবার বিকালে ঢাকা ছাড়ার আগে সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে তার মতবিনিময় করার কথা রয়েছে।
২০১৪ সালের মে মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথম বিদেশ সফরে বাংলাদেশে এসেছিলেন সুষমা স্বরাজ। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি হবে বাংলাদেশে তার দ্বিতীয় সফর।