সিসি ডেস্ক: সাত বছরেও বাস্তবায়ন হয়নি সমন্বিত পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। ফলে শিক্ষার্থীদের ছুটতে হচ্ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। পড়তে হচ্ছে সীমাহীন ভোগান্তিতে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সমন্বিত ভর্তি পরীক্ষার পক্ষে থাকলেও বিপক্ষে বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। কমিশন বলছে এটি বাস্তবায়নে ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে আবারো আলোচনায় বসবেন রাষ্ট্রপতি।
একমাস ধরে চলছে দেশের ৩৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব নিয়মে এই পরীক্ষা চলবে ডিসেম্বর পর্যন্ত।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হাতছাড়া করতে চায় না কেউ। তাই আর্থিক ক্ষতি ও শত দুর্ভোগ মেনে নিয়েই ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষা দিচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে।
এই ভোগান্তি দূর করতে শিক্ষামন্ত্রণালয় সাত বছর আগে বিশ্ববিদ্যালয়ে সমন্বিত পরীক্ষার প্রস্তাব দেয়। কোন বিশ্ববিদ্যালয়ের এটি বাস্তবায়নে অগ্রগতি নেই।
এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব নিয়ম মেনেই ভর্তি পরীক্ষা নেয়ার পক্ষে।
তবে শিক্ষাবিদরা সমন্বিত পদ্ধতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পক্ষে মত দিয়েছেন।
এবছর এইচএসসি পরীক্ষায় পাস করা ৮ লাখ ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আসন ৫৮ হাজার। এদের বেশিরভাগই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছে।
উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন