• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন |

বুড়িগঙ্গায় ঝাঁপ দেয়া তরুণ-তরুণীর লাশ উদ্ধার

ঢাকা, ৩ নভেম্বর, সিসি নিউজ: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় প্রথম বুড়িগঙ্গা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া তরুণ-তরুণীর লাশ দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার হাসনাবাদ ট্রলারঘাট এলাকার পোস্তগোলা সেতুর পূর্বপাশের বুড়িগঙ্গায় পাশাপাশি লাশ দুটি ভাসমান অবস্থায় পাওয়া যায় বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রবিউল হক।
নিহত ইমন (২০) রাজধানীর সায়দাবাদ এলাকায় পরিবারের সাথে ভাড়া বাড়িতে থাকতেন। তার বাবার নাম সুলতান। দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় তাদের জমিজমা থাকলেও বাড়িঘর নেই বলে তারা ভাড়া থাকেন। অপরদিকে নিখোঁজ তরুণী আনিকা (১৮) রাজধানীর যাত্রাবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা মো. অহিদ মোল্লার মেয়ে।
এসআই রবিউল জানান, সকালে স্থানীয়রা বুড়িগঙ্গায় পাশাপাশি লাশ দুটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। এ সময় নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের সন্ধানে অভিযান চালাচ্ছিল। লাশ দুটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
নিহত দুই পরিবারের সদস্যরা বৃহস্পতিবার পুলিশের কাছে দাবি করেছিল সেতু থেকে বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া তরুণ-তরুণী ইমন ও আনিকা। শুক্রবার লাশ উদ্ধারের পর দুই পরিবারের সদস্যরা এসে লাশ দুটি ইমন ও আনিকার বলে শনাক্ত করেছেন জানান এসআই।
১ নভেম্বর বুধবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার পোস্তগোলার মাঝ সেতুতে দাড়িয়ে ছিলেন ওই তরুণ-তরুণী। একপর্যায়ে প্রথমে তরুণী ও পরে তরুণ সেতু থেকে বুড়িগঙ্গার মাঝ নদীতে ঝাঁপ দিয়ে দুজনই নিখোঁজ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ