সিসি নিউজ, ০৬ নভেম্বর: ভেজাল সার উৎপাদনের দায়ে ভ্রাম্যমাণ আদালত নীলফামারীর সৈয়দপুরের বিসিক শিল্প নগরীর বৈশাখী ও এডিসি এগ্রো লিমিটেড নামে দুটি সার কারখানা সিলগালা করেছে। আজ সোমবার বিকেলে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার বজলুর রশীদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোমায়ারা মন্ডল উপস্থিত ছিলেন। অপরদিকে ৭০ বস্তা ভেজাল সারসহ তিনজনকে আটক করেছে নীলফামারী গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার (৫ নভেম্বর) রাতে শহরের কালিতলা তিস্তা সেচ ক্যানেলের পরিদর্শন সড়ক থেকে মাহেন্দ্র পিকআপসহ তাদের আটক করা হয়।
এ ঘটনায় ভেজাল সার উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকসহ চারজনের নামে মামলা করেছে ডিবি পুলিশ। আটকরা হলো, সৈয়দপুর শহরের গোলাহাট পুলিশ ফাঁড়ি এলাকার সেকেন্দার দাসের ছেলে পিকআপ চালক গোপাল দাস (৩০), হেলপার হাতিখানা মহল্লার মানিক দাসের ছেলে কৃষ্ণ দাস (২০) ও সার বহনকারী দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার চক সুখদেব এলাকার কসির আলীর ছেলে বাবুল সরকার (৫০)।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মাজেদুল ইসলাম জানান, সৈয়দপুরে অনুমতিহীন এডিসি নামক প্রতিষ্ঠানে উৎপাদন করা ভোজাল ৭০ বস্তা সার নিয়ে যাওয়া হচ্ছিল জলঢাকার নেকবক্ত বাজারে। এ সময় পিকআপ সহ আটক করা হয়।
উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকসহ হামিদুল ইসলাম ও আটক তিনজন সহ চারজনের নামে মামলা করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের পরিদর্শক বিশ্ব দেব রায়।
তাদের আজ সোমবার আদালতের মাধ্যমে আটকদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।