কুড়িগ্রাম, ০৮ নভেম্বর: বর্ণাঢ্য শোভা যাত্রা, আলোচনাসভাসহ নানা আয়োজনে কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র উদ্যোগে কুড়িগ্রাম জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে জেলা পরিষদ মার্কেটের সামনে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সংসদ মোঃ জাফর আলী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইডিইবি’র জেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক বকুল চন্দ্র শাহা, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ড. নুরে আলম, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী জমিদার রহমান প্রমুখ।
আলোচনাসভায় বক্তারা আইডিইবি’র গৌরবোজ্জল ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানান।
কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন
কুড়িগ্রামের রৌমারী উপজেলা দৈনিক সংবাদের প্রতিনিধি আনিছুর রহমানকে আইসিটি’র ৫৭(২) ধারায় সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার সাংবাদিকরা।
বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুড়িগ্রাম জেলা কমিটির উদ্যোগে বুধবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাাপি মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সাংবাদিক আহসান হাবীব নীলু, সাংবাদিক সমিতির সভাপতি রাজু মোস্তাফিজ, সেক্রেটারী আব্দুল খালেক ফারুক প্রমুখ।
বক্তরা অবিলম্বে আনিছুর রহমানের মুক্তি দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর দিবাগত রাত সাড়ে ৮ টার সময় তার নিজ বাসা রৌমারী উপজেলার কর্তিমারী বাজার থেকে সাংবাদিক আনিছুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর হাট খোলাপাড়া এলাকার আব্দুল্যাহ মিয়ার পূত্র সুমন মিয়ার (২৪) বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ছবি বিকৃত করার অভিযোগে মামলা করেন স্থানীয় যুবলীগ নেতা শাহকামাল। ভুমিদস্যুদের প্ররোচনায় পুলিশ উক্ত মামলায় সাংবাদিক আনিছুরকে বাদি হওয়ার জন্য চাপ দেয়। তিনি রাজি না হওয়ায় দুই মাস পর ওই মামলায় তাকে ২নং আসামী করা হয়। ভুমিদ্যুদের বিরুদ্ধে গণমাধ্যমে ধারাবাহিক রিপোর্ট প্রকাশ করায় ক্ষুব্দ ছিলেন তারা। পুলিশ মূল অভিযোগকারীকে গ্রেফতার না করলেও সাংবাদিক আনিছুর রহমানকে সাজানো মামলায় ফাঁসিয়ে তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।
বাল্য বিবাহ প্রতিরোধে বিশেষ সভা
কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় শির্ষক বিশেষ অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি দিনব্যাপী এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিন আল পারভেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম আল্পনা। এতে বক্তব্য রাখেন ব্র্যাক কুড়িগ্রাম জেলার প্রতিনিধি মোঃ আবু সাঈদ, জেলা ব্যবস্থাপক রাজেশ্বর চন্দ্র বর্মন প্রমূখ।
এতে বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় সরকারী-বেসরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মেম্বার, কাজী, ইমাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।