জয়পুরহাট প্রতিনিধি, ১৪ নভেম্বর: জয়পুরহাট সদর উপজেলার শালপাড়া-রঘুনাথপুর গ্রামে একটি ইট ভাটার স্তুপ করা মাটির চাপা পরে মাজেদুল ইসলাম (১৮) নামে এক ভাটা শ্রমিক নিহত এবং জুয়েল হোসেন নামে (২০) আরো এক শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মাজেদুল জয়পুরহাট সদর উপজেলার বালিয়াতর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও আহত শ্রমিক জুয়েল হোসেন একই উপজেলার গৌরীপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন জানান, শালপাড়া-রঘুনাথপুর গ্রামের হারুন-অর রশিদ নামে এক ইট ভাটা মালিক ইটের কাজ করার জন্য ওই ভাটায় মাটি স্তুপ করে রাখেন। শ্রমিকরা মাটির স্তুপ থেকে মাটি সরানোর এক পর্যায়ে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত শ্রমিক জুয়েল হোসেনকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করিয়ে দেন।