সিসি নিউজ, ২২ নভেম্বর: অনুমোদনহীন দুইটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে নীলফামারী জেলা প্রশাসন। আজ বুধবার বিকাল ৫টায় নীলফামারী জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আবু হাসান ওই অভিযান পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী সিভিল সার্জনের কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মনিরুজ্জামান মনি ও পুলিশ বাহিনীর সদস্যরা।
ডায়াগনস্টিক সেন্টার দুটি হলো, নীলফামারী জেলা শহরের প্রধান সড়কের স্টাফ কোয়ার্টার মোড়ের সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং নতুন বাবুপাড়াস্থ্য সড়কে ডক্টরষ্ট পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার।
নীলফামারী জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আবু হাসান জানান, অভিযান পরিচালনাকালে দেখা যায় সরকারীভাবে তাদের কোন বৈধ অনুমোদন নেই। তাই মেডিক্যাল প্রাকটিস বেসরকারী ক্লিনিক এন্ড ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ-১৯৮২ মোতাবেক ওই দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগাল করা হয়।