নোয়াখালী, ২৬ নভেম্বর: সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী ফৌজিয়া মোসলেম (২৩) এর ঘাতক অটো-পিকআপ চালককে বিচারের আওতায় আনাসহ ৮ দফা দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
রবিবার সকাল ৮টা থেকে সকাল ১০.৩০টা পর্যন্ত নোয়াখালী সদরের সোনাপুর জিরো পয়েন্টে সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা । এতে নোয়াখালীর সাথে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পরবর্তীতে স্থানীয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা । ৮ দফা দাবির অন্য দাবিগুলোর মধ্যে সোনাপুর থেকে বিশ্ববিদ্যালয়ের রাস্তা প্রশস্তকরণ, প্রতি ঘন্টায় বিশ্ববিদ্যালয় থেকে বাস সরবরাহ, দ্রুত আবাসিক সংকট নিরসন, অটোরিকশায় ৫ জনের বেশী যাত্রীবহন নিষিদ্ধকরণ, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গতিরোধক স্থাপন ইত্যাদি ছিল অন্যতম ।
অবরোধকারী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং স্থানীয় প্রশাসন উভয়ের কাছ থেকেই তাঁরা দ্রুত সমাধানে আশ্বাস পেয়েছেন । ৪৮ ঘন্টার মধ্যে যদি ঘাতক চালককে গ্রেফতার এবং বিচারের আওতায় না আনা নয় তবে তারা আবার আন্দোলনের ডাক দিবেন বলে জানিয়েছেন ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মুশফিকুর রহমান বলেন, শিক্ষার্থীরা যে দাবিগুলো উত্থাপন করেছে সেগুলো বিশ্ববিদ্যালয়ের সকলের দাবি । ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলো নিয়ে কাজ শুরু করেছে । এগুলো দ্রুত বাস্তবায়নের জন্য আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সহযোগিতা করবো।
সুধারাম মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ফৌজিয়ার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা না হওয়ায় আমরা ব্যবস্থা নিতে পারিনি । মামলা হলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব।
অন্যান্য দাবিগুলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং স্থানীয় সংসদ সদস্য জনাব একরামুল করিম চৌধুরী দেশে আসার সাথে সাথে ওনার সাথে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
প্রসঙ্গত, নোবিপ্রবি ফার্মেসি বিভাগের ছাত্রী ফৌজিয়া ১৯ নভেম্বর দুপুরে ক্লাস শেষে ব্যাটারিচালিত অটোতে জেলা শহর মাইজদীতে ফিরছিলেন । এ সময় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক এলাকায় সোনাপুর থেকে আসা একটি পিকআপভ্যান অটোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু অনন্য মেধাবী ফৌজিয়ার।