• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

রংপুরও বরেন্দ্র অঞ্চল হিসেবে বিবেচিত

সিসি ডেস্ক, ২৭ নভেম্বর: রাজশাহীর সঙ্গে এখন থেকে রংপুরও বরেন্দ্র অঞ্চল হিসেবে বিবেচিত হবে। এমন বিধান রাখার পাশাপাশি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষকে (বিএমডিএ) একটি আইনি কাঠামোর মধ্যে আনার লক্ষ্যে ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৭’র খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ বিভাগ সচিব জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এতোদিন সরকারের আদেশে রেজ্যুলেশনের মাধ্যমে পরিচালিত হতো। তবে অন্যান্য কর্তৃপক্ষ আইনের মাধ্যমে চলছে বলে এর জন্যও আইন করা হচ্ছে। বরেন্দ্র কর্তৃপক্ষ পরিচালনার জন্য দুটি পর্ষদ করা হয়েছে। এর একটি উপদেষ্টা পর্ষদ, অপরটি পরিচালনা পর্ষদ। উপদেষ্টা পর্ষদের চেয়ারম্যান থাকবেন পদাধিকার বলে কৃষিমন্ত্রী। এর সদস্য থাকবেন রাজশাহী ও রংপুর বিভাগের সব আসনের সংসদ সদস্যরা। কৃষি মন্ত্রণালয়, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবরাও এর সদস্য থাকবেন। পাশাপাশি রাজশাহী ও রংপুর বিভাগের দুই বিভাগীয় কমিশনার, দুই বিভাগীয় পুলিশ কমিশনার, পুলিশের ডিআইজি, বরেন্দ্র কর্তৃপক্ষের চেয়ারম্যান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক এর সদস্য থাকবেন। উপদেষ্টা পরিষদ বছরে একবার সভা করবেন। এছাড়া সরকার মনোনীত একজন সচিব এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। উপদেষ্টা পর্ষদ বছরে একবার সভা করে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উপদেশ দিতে পারবেন।
অন্যদিকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হবেন বরেন্দ্র কর্তৃপক্ষের চেয়ারম্যান। এতে মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি, পুলিশের ডিআইজির একজন প্রতিনিধি, পুলিশ কমিশনারের একজন প্রতিনিধিসহ ১১ জন সদস্য থাকবেন। তারা প্রতি তিন মাসে একবার সভা করতে পারবেন। পরিচালনা পর্ষদ বরেন্দ্র কর্তৃপক্ষের আর্থিক বিষয়টিও দেখভাল করবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগে রাজশাহী বিভাগের জেলাগুলো বরেন্দ্র এলাকার অন্তর্ভুক্ত ছিল। নতুন খসড়া আইন অনুযায়ী রংপুর বিভাগের সব জেলাও এর অন্তর্ভুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ