পাঁচবিবি (জয়পুরহাট), ৩০ নভেম্বর: জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে একজন রোহিঙ্গা মহিলাকে উদ্ভার করেছে বিজিবি। বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর সীমান্ত এলাকায় অপরিচিত এক মহিলা ঘোরাফেরা করলে এলাকাবাসী তার পরিচয় চাইলে সে মায়ানমার ভাষায় কথা বলতে থাকে।
তখন লোকজন কয়া ক্যাম্পে বিষয়টি জানালে বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। কয়া ক্যাম্পে কর্মরত নাসির উদ্দিন জানান, মায়ানমার থেকে পালিয়ে এসে সে বাংলাদেশের কুতুবপাল আশ্রয় শিবিরে থাকত। কাজ দেওয়ার কথা বলে ৫ হাজার টাকার বিনিময়ে তাকে সহ আরো ৪ জনকে নিয়ে দালালচক্র আশ্রয় শিবির থেকে পালিয়ে আসে এবং একেক জনকে একেক জায়গায় রেখে চক্রটি পালিয়ে যায়।
উদ্ধারকৃত রোহিঙ্গা মহিলাটি রাখাইন রাজ্যের মৃত হোসেন আহম্মদের স্ত্রী আয়শা খাতুন (৫০) বলে বিজিবি জানায়।