বিনোদন ডেস্ক, ৩ নভেম্বর: বাংলাদেশের চলচ্চিত্রের এক অনবদ্য নায়িকার নাম সূচরিতা। বেশকিছুদিন অভিনয়ে বিরতিতে থাকার পর আবারো অভিনয়ে ফিরেছেন তিনি। বহুবছর চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করে এখন যেসব চলচ্চিত্রে অভিনয় করছেন তাতে গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। তাতে দেখা যায় তার অভিনীত এই সময়ের চলচ্চিত্রে তিনি মায়ের ভূমিকাতেই অভিনয় করছেন।
সূচরিতার ভাষায়, শুধু শুধু মায়ের ভূমিকায় নামে মাত্র অভিনয় করছেন এমন নয়, যে চলচ্চিত্রে তিনি মায়ের ভূমিকায় কাজ করেন সেই চরিত্রের যথেষ্ট গুরুত্ব থাকে বলেই তিনি তাতে অভিনয় তরেন। বদিউল আলম খোকন পরিচালিত ‘আমার মা আমার বেহেস্ত’ চলচ্চিত্রে সে কারণেই সূচিরতা অভিনয় করছেন। চলচ্চিত্রটির নামকরণই করা হয়েছে তার চরিত্রকে কেন্দ্র করে। মায়ের চরিত্রে অভিনয় করা সূচরিতাকে ঘিরেই গল্প আবর্তিত হয়েছে। তাই এই চলচ্চিত্রে বেশ আগ্রহ নিয়ে অভিনয় করছেন।
গত ২ ডিসেম্বর থেকে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের এক নম্বর ফ্লোরে ‘আমার মা আমার বেহেস্ত’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন। এই চলচ্চিত্রে তার ছেলে রাজা চরিত্রে অভিনয় করছেন নন্দিত নায়ক সাইমন সাদিক। এবারই প্রথম সাইমন সূচরিতার সঙ্গে অভিনয় করার সুযোগ পেলেন।
চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে সূচরিতা বলেন, গল্প ভালো লাগলে, চরিত্র ভালো লাগলে অভিনয় করি। আমার মা আমার বেহেস্ত গল্পটা ভালো লেগেছে। তাছাড়া এতে আমার চরিত্রটিও পছন্দ হয়েছে। বদিউল আলম খোকন একজন গুণী এবং অভিজ্ঞ নিমার্তা। কাজ করে বেশ ভালো লাগছে। সত্যি বলতে কী যারা কাজ জানেন না তাদের সঙ্গে কাজ করতে ভালো লাগে না।
সাইমন বলেন, আমার স্বপ্ন ছিলো সূচরিতা ম্যাডামের সঙ্গে অভিনয় করার। তারসঙ্গে অভিনয় করার সময় মনেই হয়নি প্রথম কাজ করছি। তিনি এতো বড় মাপের একজন অভিনেত্রী হয়েও কতো সহজে আপন করে নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কাজ করেছেন। আমি প্রতিটি মুহূর্তে তার আন্তরিকতায় মুগ্ধ হয়েছি।
রিচালক বদিউল আলম খোকন বলেন, যেহেতু চলচ্চিত্রটিতে মায়ের অনেক নাটকীয়তা আছে, তাই এই চলচ্চিত্রের মায়ের চরিত্রে সূচরিতা ম্যাডামের বিকল্প আমি কাউকে ভাবতে পারিনি। আমার নির্দেশনায় তিনি প্রথম কাজ করছেন, আমি সত্যিই গর্বিত।
ছটকু আহমেদ’র গল্প ও সংলাপে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত এফডিসিতে এর শুটিং চলবে। ‘আমার মা আমার বেহেস্ত’ চলচ্চিত্রে আরো অভিনয় করছেন আলীরাজ, আফজাল শরীফ, মাহমুদুল ইসলাম মিঠু, মাহিয়া মাহি প্রমুখ। সূচরিতা সর্বশেষ নাম ভূমিকায় অভিনয় করেছিলেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘মা আমার চোখের মনি’ চলচ্চিত্রে। এতে তিনি শাবনূরের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।