সিসি নিউজ, ৭ নভেম্বর: রাজধানীর কাফরুলের জাসদ ছাত্রলীগের নেতা কামরুল ইসলাম মোমিন হত্যা মামলায় দুই জনের ফাঁসি ও ছয় জনের যাবজ্জীবন বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাখাওয়াত হোসেন জুয়েল ও তারেক ওরফে জিয়া।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- হাবিবুর রহমান তাজ জাফর আহমেদ, মনির হাওলাদার, ঠোঁট উঁচা বাবু, আসিফুল হক জনি ও শরিফ উদ্দিন। ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর খুন হন কলেজছাত্র মোমিন।
সে দিনই নিহতের বাবা আবদুর রাজ্জাক বাদী হয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
পরে কারাবন্দি অবস্থায় ২০১৫ সালে মারা যান মতিঝিল থানার সাবেক ওসি রফিকুল। পরে তাকে আসামির তালিকা থেকে বাদ দেয়া হয়।