সিসি নিউজ, ২৫ জানুয়ারী: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা আট ফেব্রুয়ারি। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ঢাকার বিশেষ জজ আদালত ৫ এর বিচারক ড. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন। খালেদা জিয়াসহ ছয় আসামির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন চায় দুদক। তবে মামলাকে ভিত্তিহীন দাবি করে খালাসের প্রত্যাশা আসামিপক্ষের আইনজীবীদের।
২০০৮ সালে দায়ের করা দুর্নীতি মামলার ২৩৬ কার্যদিবস ছিলো বৃহস্পতিবার। সকাল ১১টা চল্লিশে বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে বিশেষ জজ আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এদিন সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তিতর্ক শেষে, দুদকের আইনজীবী আবারো যুক্তি উপস্থানের সুযোগ পান। দুদকের বক্তব্য শেষে আসামিপক্ষ আরো বক্তব্য দেয়ার সুযোগ চাইলে আদালত তাদের ১ ঘন্টা সময় বেধে দেন।
সব বক্তব্য শেষে রায় ঘোষণার তারিখ ধার্য করেন বিচারক।খালেদা জিয়ার আইনজীবী বলেছেন, অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে দুদক।অন্যদিকে দুর্নীতির সব অভিযোগ প্রমানের দাবি দুদকের। খালেদা জিয়াসহ ছয় আসামির সর্বোচ্চ শাস্তি দেয়া হবে, আশা সংস্থাটির আইনজীবীর।
এ মামলায় খালেদা জিয়া ছাড়া অন্য আসামিরা হলেন, তার বড় ছেলে তারেক রহমান, মাগুরার বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান।