ঢাকা, ৩১ জানুয়ারী: বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব আবারো নাকচ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্র সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তাই সংবিধান পরিপন্থি কোনো সরকার গঠনের প্রস্তাব গ্রহণ করা হবে না।
আজ বুধবার বিকেলে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।
সংসদ নেতা আরও বলেন, সংবিধানে সহায়ক সরকার বলে কোনো বিধান নেই। তিনি বলেন, সংবিধান লঙ্ঘন করে সামরিক শাসন জারির মধ্য দিয়ে অবৈধ পন্থায় জন্ম নিয়েছে বিএনপি।
তাই অবৈধ দাবি করা দলটির অভ্যাসে পরিণত হয়েছে। আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী সংসদকে জানান, জিয়া পরিবারের পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে সরকার।