সিসি নিউজ, ১০ ফেব্রুয়ারী: নীলফামারীর সৈয়দপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী জাহিদুল ইসলাম জাহিদকে পুলিশ গ্রেফতার করেছে। আজ শনিবার রাতে নিহত মালেকে বেগমের পুত্র আব্দুল মালেক নিজে বাদী হয়ে বাবাকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার গভীর রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামী জাহিদ শোয়ার ঘরে দাহ্য পদার্থ দিয়ে ওই ঘটনা ঘটায়। পরে আগুনে দগ্ধ মালেকার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে বন্ধ ঘর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। গতকাল শুক্রবার সন্ধ্যায় পার্বতীপুর মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মালেকা মারা যায়।
এ ঘটনায় পুলিশ বিকেলে স্বামী জাহিদকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামের নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা মামলার বিষয়টি নিশ্চিত করেছে।