রাজশাহী, ২২ ফেব্রুয়ারী: এতিমের টাকা লুট করে খাওয়ায় বিএনপি নেত্রীর সাজা হয়েছে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার রাজশাহীতে সরকারি মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। এসময় নৌকায় ভোট দিতে রাজশাহীবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার এতিমখানার কোনো অস্তিত্ব নেই। এতিমরা একটা টাকাও পায়নি। তিনি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ সন্ত্রাসী-জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত হয়।
তারা বোমা বাজি করে, বাস-লঞ্চে আগুন দেয়, মানুষ খুন করে বলেও জানান শেখ হাসিনা। তিনি আরো বলেন, বিএনপি মানুষের কল্যাণ করতে পারে না, কিন্তু মানুষের টাকা লুটপাট করে।
তারা বিদ্যুতের খুটি দিয়েছিল কিন্তু বিদ্যুৎ দিতে পারেনি। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে রাজশাহীতে আইসিটি পার্ক ও নভোথিয়েটার নির্মাণের আশ্বাস দেন শেখ হাসিনা।