সিসি নিউজ, ২৩ ফেব্রুয়ারী: সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রবীন রাজনীতিবিদ আব্বাস আলী সরকার মারা গেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি আজ দুপুরে ভারতের হায়দ্রাবাদে চিকিৎসাসেবা নিয়ে বাংলাদেশ আসার পথে শিলিগুড়িতে মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্বাস আলী সরকার দীর্ঘদিন থেকে জটিল রোগে ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভারত থেকে মরদেহ নিয়ে আসার পর দাফনের সময় নির্ধারন করা হবে। তবে আগামীকাল শনিবার মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন। একটি সূত্র জানিয়েছে, মরহুমের রাজনৈতিক জীবনকালে যে পার্টি অফিসে দীর্ঘদিন কাটিয়েছেন সেখানেই প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
প্রবীণ এ নেতার মৃত্যুতে গভীর শোকাহত ও তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেছেন সৈয়দপুর উপজেলা ও পৌর আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি ও সাধারন সম্পাদক মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
সৈয়দপুর পৌর পরিষদের প্রবীন রাজনীতিবিদ আব্বাস আলী সরকারের মৃত্যুতে আগামীকাল পৌরসভা দপ্তরে কালো পতাকা উত্তোলন ও ২০জন হাফেজ দ্বারা কোরআনখানি করার সিদ্ধান্ত জানিয়েছে।
সৈয়দপুর প্রেসক্লাব, সৈয়দপুর অনলাইন প্রেসক্লাব সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
প্রবীন নেতার মৃত্যুর সংবাদ পেয়ে সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত অমর ২১শে বই মেলার সার্বিক কার্যক্রম একমিনিট বন্ধ রেখে মরহুমের আত্মার মাগফেরাত কামনার জন্য সকলেই একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেছে।