সিসি ডেস্ক, ৫ মার্চ: মাত্র ২৮ কর্মকর্তা দিয়ে চলছে ৩৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের নজরদারি। তাই যথাযথ তদারকির অভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কমছে না অনিয়ম-দুর্নীতি। নিশ্চিত করা যাচ্ছে না মানসম্মত শিক্ষা।
শিক্ষামন্ত্রণালয়েরর পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তদারকির দায়িত্বপ্রাপ্ত দপ্তর। এখানে প্রতিদিন গড়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আসে ১০ টি। ১৩০ কর্মকর্তা-কর্মচারির পদ থাকলেও বর্তমান জনবল মাত্র ৬০। এরমধ্যে মাত্র ২৮ জন পরিদর্শনের দায়িত্বে। অথচ সারা দেশে বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসা ৩৬ হাজারেরও বেশি।
শিক্ষাবিদরা বলছেন, মন্ত্রণালয়ের দুর্বল নজরদারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনিয়ম করতে পারছে। কোচিং বাণিজ্যসহ নানা ধরনের অনিয়ম রুখতে দ্রুতই পরিদর্শন দলকে শক্তিশালী করার তাগিদ দিচ্ছেন তারা।
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বলছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল নজরদারির আওতায় আনার কাজ চলছে। পরিদর্শন দলে পাঁচশ পদ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
পরিদর্শন অধিদপ্তরের শূন্যপদে নিয়োগের চেষ্টা চলছে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন