সিসি নিউজ, ২১ মার্চ: ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ নির্দিষ্ট সময়ের ৮ ঘন্টা পর রাত ৯টার দিকে বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ। দীর্ঘ এ সময়ে সৈয়দপুর বিমানবন্দরে ঢাকাগামী শিশু, নারী সহ ৭৪ যাত্রী আটকা পড়েছিল। এদের মধ্যে ৩ জন ছিলেন আমেরিকার যাত্রী।
বিমান চলাচলের সূচীতে দুপুর ১টার সময় বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবে। তাই যাত্রীরা দুপুর ১২টার দিকে বিমানবন্দরে আসেন। কিন্তু বিমানের যান্ত্রিক ত্রুটি থাকায় বিমানটি ঢাকা থেকে উড্ডয়ন করেনি।
সৈয়দপুর বিমানবন্দরে বাংলাদেশ বিমানের সংশ্লিষ্টরা যাত্রীদের বিমান আসার আশ্বাস দিতে থাকে। দীর্ঘ ৮ ঘন্টা অতিবাহিত করার পর রাত ৯টায় উড়োজাহাজটি বাতিল ঘোষণা করে। এ সময় যাত্রীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করতে থাকে।
সৈয়দপুর বিমানবন্দরের বাংলাদেশ বিমানের ডিএম আবু আহমেদ বুধবার বিশেষ বিমানে যাত্রীদের ঢাকায় পৌছানোর কথা জানালেও যাত্রীদের অভিযোগ, দীর্ঘ ৮ ঘন্টা বিমান কর্তৃপক্ষ যাত্রীদের কোন প্রকার সেবা প্রদান করেনি। অপরদিকে বিমান বাতিলের পর রাতে যাত্রীদের থাকা, খাবার ব্যবস্থা করা হয়নি।