সিসি নিউজ, ৩১ মার্চ: বছরের প্রথম কালবৈশাখীর হানায় চার জেলায় নারী-শিশুসহ মারা গেছেন ছয় জন। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বোরোসহ রবিশস্যের আবাদ। ঝড়েছে আম ও লিচুর মুকুল। তছনছ ঘরবাড়ি।
শুক্রবার দুপুরে হঠাৎ শুরু ঝড়, শিলাবৃষ্টি। বছরের প্রথম কালবৈশাখীর হানায় রংপুরের মিঠাপুকুরে আমেনা বেগম আর বদরগঞ্জে মৃত্যু হয় আব্দুল জব্বারের। দিনাজপুরের পার্বতীপুরে মারা গেছেন সৈয়দ আলী।
পঞ্চগড়ে বৃষ্টির রেকর্ড ৩৭ মিলিমিটার। শিলায় ক্ষতি ধান-গমসহ রবিশস্যের। মেহেরপুরে ১৫ মিনিটের ঝড়ে ফসলের সঙ্গে তছনচ দুশর বেশি বাড়ি আহত তিন জন।
কুড়িগ্রামে শিলাবৃষ্টিতে ঝড়েছে আম ও লিচুর মুকুল। কিছু জায়গায় খুঁটি হেলে ব্যাহত বিদ্যুৎ সরবরাহ।
পাবনায় ঝড়ে আহত ১০ ব্যক্তি। নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে আহত ৯ জনের একজনের অবস্থা গুরতর।
নীলফামারীর ডোমার ও ডিমলায় শিলাবৃষ্টিতে আহত ৩ জন।
কৃষি বিভাগ জানিয়েছে, বোরোসহ ভুট্টা, মরিচ, পেঁয়াজের আবাদেও বড় ক্ষতি হয়েছে ঝড়ের তাণ্ডবে।