সিসি নিউজ, ২ এপ্রিল: নীলফামারীতে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব ১৩। আটক প্রতারক সিয়াম শাহরিয়ার (১৯) নীলফামারী জেলা সদরের নিজপাড়ার বাবলুর রহমানের পুত্র।
র্যাব-১৩ সূত্রে জানা যায়, সিয়াম শাহরিয়ার অর্থের বিনিময়ে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করার নাম করে প্রতারণার উদ্দেশ্যে ফেসবুক ও হোয়াট্সঅ্যাপ এর মাধ্যমে একাধিক পরীক্ষার্থীর সাথে যোগাযোগ করত। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার ভোর রাতে নীলফামারী শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিয়াম প্রতারনার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। সে এসএসসি পরীক্ষার সময়ও একইভাবে প্রতারণার মাধ্যমে প্রশ্নপত্র সরবরাহ করে অর্থ সংগ্রহ করেছে বলে জানায়।