সিসি নিউজ, ৮ এপ্রিল: নিজের প্রাপ্ত স্বাধীনতা পদক নীলফামারীবাসীকে উৎসর্গ করলেন সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। আজ রোববার দুপুরে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নীলফামারী নাগরিক পরিষদ আয়োজিত নাগরিক সংবর্ধণা অনুষ্ঠানে তিনি পদকটি উৎসর্গ করেন।
নীলফামারীর মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসময় তিনি বলেন, “নীলফামারীবাসীকে বাদ দিয়ে আমার কোন অস্তিত্ব নাই। নীলফামারীর মানুষ আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দেশের সর্বোচ্চ পদক “স্বাধীনতা পদক” আমার হাতে তুলে দিয়েছেন। তাই আমি আমার এই পদক নীলফামারীর মানুষের জন্য উৎসর্গ করলাম”।
নাগরিক পরিষদের আহবায়ক ডা. মমতাজুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ ও নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক উপস্থিত ছিলেন।
সবশেষে স্বাধীনতা পদক প্রাপ্তির জন্য মন্ত্রীকে বিভিন্ন ব্যাক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দেয়া হয়।