নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সৈয়দপুরে পল্লীতে বাড়ি ভেঙ্গে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে ফিরোজা বেগম বাদী হয়ে ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আসামীরা হলেন, তফুর আলী, আনিছুর রহমান, আব্দুল গফুর, দুলাল, আলম, বাবুল, হেলাল ও সাগর ইসলাম।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বালা পাড়া গ্রামে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন তিন ভাই আব্দুস সাত্তার, আব্দুল গফুর ও আ: তফুর। তারা বাবার উত্তরাধিকার হিসেবে আনুমানিক তিন বিঘা করে সম্পত্তির অংশীদার হন। তাদের বসত ভিটার জমির পরিমান তিন দাগে ৭৮ শতাংশ। প্রত্যেক ভাইয়ের অংশ দাঁড়ায় ২৬ শতাংশ করে। তিন ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালই চলছিল। এর মধ্যে আব্দুস সাত্তারের মৃত্যু ঘটলে তার সন্তানদের সাথে ভিটে বাড়ি নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে অপর দুই ভাই আ: সাত্তার, আ: গফুর ও তার সন্তানেরা। তারা আগের ভিটের বন্টন পরিবর্তন করে আব্দুস সাত্তারের পরিবারকে অন্যত্র চলে যাওয়ার পায়তার করতে থাকে। বিষয়টি নিয়ে এলাকাবাসী দফায় দফায় বৈঠক করলে সেই বিচার মানেননি তফুর ও গফুরের সন্তানেরা।
গত ৩ মার্চ রাতে এনিয়ে সংঘর্ষেও ঘটনা ঘটে। এতে আ: সাত্তার, আ: গফুর ও তাদের সন্তানেরা আব্দুস সাত্তারের ছেলে মাহাবুল এবং অপর ছেলে আ: রহিমের স্ত্রী অন্তসত্ত্বা ফিরোজা বেগমকে পিটিয়ে জখম করে। তাদের স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে অবনতি ঘটায় রংপুর মেডিকেল কলেজে চিকিৎসা দেয়া হয়। এতে দুমাসের অন্তসত্ত্বা ফিরোজা বেগমের সন্তান মারা যায়। এছাড়াও মাহাবুলের দোকানের ২৫ হাজার টাকার মালামাল নষ্ট ও লুট করা হয়।
পরে এলাকাবাসীর সহায়তায় দ্বিতীয় দফায় বৈঠকে স্বীদ্ধান্ত হয় বন্টন পরিবর্তনের। আমিন এনে জায়গা মাপজোগ করে সীমানা নির্ধারন করা হয়। এতে আব্দুস সাত্তারের বাড়ির পাকা ঘর ও দেয়াল ভেঙ্গে দিয়ে সেই জায়গা বেড়া দিয়ে ঘিরে ফেলে বিবাদী পক্ষ। আব্দুস সাত্তারের পরিবার এখন গৃহহীন অবস্থায় জীবন যাপন করছে।
গত ১৪ এপ্রিল ফের আলোচনার জন্য আব্দুস সাত্তারের সন্তানদের ডেকে আনা হয়। আলোচনা শুরুর এক পর্যায়ে তাদের উপড় চড়ায় হয় তফুর গফুর ও তার সন্তানেরা। এতে আহত হয়, আ: রহিমের স্ত্রী ফিরোজা বেগম (৩২), মেয়ে বন্যা (১৮), আব্দুর রহমানের মেয়ে সোমা (১০) ও মাহবুলের ছেলে মারুফ(১২)।
এলাকাবাসী জানায়, আব্দুস সাত্তারের পরিবারের উপড় জুলুম করছে তাদের চাচা ও চাচাতো ভাইয়েরা। তারা কোন বিচার আচার মানেনা।
আব্দুর রহমান জানায়, তফুর- গফুর ও তার সন্তানেরা জামায়াত শিবির সমর্থক তারা এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। চেয়ারম্যান মেম্বার আইন আদালত কিছুই মামেননা। তারা জোর করে আমাদের বাড়ি দখল করেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছি।
তফুর ও গফুর তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।