• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন |

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

ঢাকা, ২৯ এপ্রিল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে অস্ট্রেলিয়ায় তার ৩ দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে যাত্রা করেছেন।

প্রধানমন্ত্রী ‘গ্লোবাল সামিট অব উইমেন সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া যান। সম্মেলনে তাকে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল উইমেন লিডারশিপ এওয়ার্ড-২০১৮’ তে ভূষিত করা হয়।

প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে থাই এয়ারওয়েজের একটি বিমান স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. সুফিউর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী দেশে ফেরার পথে প্রায় এক ঘন্টা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাত্রাবিরতি করবেন। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীবাহী বিমানটির আজ মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

শেখ হাসিনা শুক্রবার সিডনি আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) ‘গ্লোবাল উইমেন লিডারশীপ এওয়ার্ড-২০১৮ গ্রহণ করেন এবং সেখানে অনুষ্ঠিত প্রীতিভোজে যোগ দেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক ‘গ্লোবাল সামিট অব উইমেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নারী শিক্ষা এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে নেতৃস্থানীয় ভূমিকার জন্য এ সম্মাননায় ভূষিত করে।

প্রধানমন্ত্রী সফরকালে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে তার বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট ড্যাং থাই নগক থিন এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেল ইন্টারকন্টিনেন্টাল সিডনিতে সাক্ষাৎ করেন।

শেখ হাসিনা ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং হোটেল সোফিটেলে প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে যোগ দেন।

খবর বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ