সিসি নিউজ, ০৩ মে: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্কার করে দিয়েছেন যে সরকারি চাকরিতে যে কোটা ব্যবস্থা ছিল তা বাতিল করে দেয়া হয়েছে এবং এখন তা নিয়ে আর হা-হুতাশ করার কিছু নেই। বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এ মন্তব্য করেন।
তিনি বলেন, জেলা কোটাও বাতিল হয়ে গেছে। এখন কেউ এসে পিছিয়ে পড়া হিসেবে চাকরি না পাওয়ার অভিযোগ করতে পারবে না।
কোটা বাতিলের দাবিতে ছাত্রদের আন্দোলনের সময় প্রধানমন্ত্রী এ ব্যবস্থা বাতিলের ঘোষণা দিয়েছিলেন। তবে এখন আবার মুক্তিযোদ্ধাদের সংগঠন কোটা ব্যবস্থা রাখার দাবিতে আন্দোলন করছে।
এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে শেখ হাসিনা বলেন, “ছাত্ররা কোটা ব্যবস্থা চায় না। তারা আন্দোলন করেছে। ফলে কোটা ব্যবস্থা বাতিল করে দেয়া হয়েছে। এনিয়ে আর আলোচনা করার বা হা-হুতাশ করার কিছু নেই ।”
কোটা সংস্কারের আন্দোলনের সময় মুক্তিযোদ্ধাদের ব্যঙ্গ করার অভিযোগের কথা তুলে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের অসম্মান করার বিষয় তিনি মেনে নিতে পারেন না। “ঐ আন্দোলনে কারা ঢুকে পড়েছে” – সে প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা মূলত যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং সৌদি আরবে তার সাম্প্রতিক সফর নিয়ে কথা বলার জন্যই এই সংবাদ সম্মেলন ডেকেছিলেন।
তবে এতে কোটা প্রসঙ্গ ছাড়াও আগামী নির্বাচন, রোহিঙ্গা ইস্যু, তারেক রহমান সহ আরো অনেক বিষয়ে কথা বলেন তিনি।