ময়মনসিংহ, ২২ জুন: আজ শুক্রবার ভোরে ময়মনসিংহে পুলিশের সাথে পৃথক দুটি বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে ৪ পুলিশ সদস্য। নিহতরা হলো আলী হোসেন (৩৮) ও স্বপন (৩০)।রাত পৌনে ৩টার দিকে তারাকান্দা-ফুলপুর মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় পুলিশ ও মাদক বিক্রেতাদের মধ্যে গুলি বিনিময় হলে মাদক বিক্রেতা আলী হোসেন পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মাদক বিক্রেতা আলী হোসেনের বিরুদ্ধে মাদকসহ ২০ টি মামলা রয়েছে। অপরদিকে ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৪টার দিকে ত্রিশালে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি চালালে মাদক বিক্রেতা স্বপন গুলিবিদ্ধ হয়।পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে তিনটি রামদা ও ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।