সিসি নিউজ, ২৭ জুলাই: শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সংক্রান্ত একটি ভুয়া চিঠি ছড়িয়ে পড়েছে সারাদেশে। এ ভুয়া চিঠিটি দেখে দ্বিধান্বিত হয়ে পড়েছেন জাতীয়করণের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকসহ অন্যান্যরা। এসব ভুয়া চিঠির বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।
শিক্ষা অধিদফতরে সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকজন শিক্ষক গত দুইদিনে শিক্ষা অধিদফতরে আসেন চিঠির সত্যতা যাচাই করতে। অধিদফতরের সহকারি পরিচালকের ভুয়া স্বাক্ষরের ওই চিঠি সম্পর্কে তাদের স্পষ্ট জানিয়ে দেয়া হয় যে, জাতীয়করণের তালিকাভুক্ত কলেজের অর্থ ব্যয়ের এমন কোনো চিঠি অধিদফতর দেয়নি।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহপরিচালক মো: মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,‘জাতীয়করণের লক্ষে প্রক্রিয়াধীন কলেজগুলোতে অর্থ ব্যয়ের উপর নির্দেশনা প্রদান প্রসঙ্গে’ শিরোনামে কোনো পত্র জারি করা হয়নি। এ ধরনের ভুয়া চিঠি ব্যবহার করে অর্থ লেনদেন না করার জন্য জাতীয়করণের লক্ষে প্রক্রিয়াধীন কলেজগুলোকে অনুরোধ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক ফারহানা আক্তারের ভুয়া স্বাক্ষর ব্যবহার করে ‘জাতীয়করণের লক্ষে প্রক্রিয়াধীন কলেজগুলোতে অর্থ ব্যয়ের উপর নির্দেশনা প্রদান প্রসঙ্গে’ বিষয় উল্লেখ করে একটি চিঠি গত ২০ জুন সংশ্লিষ্ট অধ্যক্ষদের পাঠানো হয়। ওই চিঠিতে জানানো হয়, জাতীয়করণের লক্ষে প্রক্রিয়াধীন কলেজগুলোতে নিয়োগ, সম্পত্তি হস্তান্তর এবং প্রতিষ্ঠানের দৈনন্দিন ব্যয় ব্যতীত নগদ ও অর্থ ব্যয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।