জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের সদর উপজেলার তেঘর বিশা গ্রামে পুকুরের পানিতে ডুবে পরেশ পাহান (৫০) নামে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে পুকুরের পানিতে পাট ডুবানোর সময় এই ঘটনা ঘটে।
নিহত পরেশ পাহান উপজেলার তেঘর বিশা গ্রামের হেমন্ত পাহানের ছেলে।
মোহাম্মদাবাদ ইউপি’র চেয়ারম্যান আতাউর রহমান জানান, নিহত পরেশ স্থানীয়দের সাথে বাড়ির পাশের পুকুরে পাট ডুবানোর কাজ করছিল অসাবধানতা বশত সে পানিতে পড়ে আর উঠতে পারেনি। অনেক খোঁজখুজির পর সন্ধ্যার দিকে পুকুরে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা লাশটি উদ্ধার করে। ইউপি চেয়ারম্যান আরো জানান, পরেশ মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের বিগত কয়েক টার্মের নির্বাচিত সদস্য ছিলেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।