কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ঢুষমারা থেকে ৩ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হেড কোয়ার্টার ও বগুড়া জেলা গোয়েন্দাদের যৌথ অভিযানে গতরাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জেএমবি সদস্যরা হলো- জেলার ইছাবা সদস্য তোফাজ্জল হোসেন, তোতা মিয়া ও দাওয়াহ সদস্য আব্দুল হামিদ। বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা জানান, গতরাতে কুড়িগ্রামের দিয়ারারচর কৌনা ইছাপাড়া গ্রামে জেএমবি সদস্যদের গোপন বৈঠকের খবরে অভিযান চালানো হয়।
এসময় ৩ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হলেও পালিয়ে যায় ৫ জঙ্গি। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় ৮ জনের বিরুদ্ধে ঢুষমারা থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।