• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

নিয়োগ পাচ্ছেন ১৩৭৮ সহকারী শিক্ষক

সিসি নিউজ, ০৭ আগষ্ট: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১৩৭৮ জন সহকারী শিক্ষক নিয়োগ দেবে সরকার। এ বিষয়ে পিএসসিকে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। পিএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে তাদের সুপারিশ করবে। সুপারিশের ভিত্তিতে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সঙ্কট নিরসনে এর আগে সরাসরি শিক্ষক নিয়োগের প্রস্তাব দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। গত ১০ এপ্রিল অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুবুর রহমান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে এই প্রস্তাব করেন। প্রস্তাবে এক হাজার ৩৭৮ জন শিক্ষকের জরুরি নিয়োগ চায় মহাপরিচালক।

ওই প্রস্তাবে আরো বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন ৩৪৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দুই হাজার ২৬৩ জন সহকারী শিক্ষককের পদ শূন্য রয়েছে। পদ শূন্য থাকায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ব্যহত হচ্ছে। শিক্ষক সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া প্রয়োজন।

শিক্ষক সংকট মোকাবিলায় এ নিয়োগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, ‘২০১৯ সাল পর্যন্ত শিক্ষকের চাহিদা অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শূন্যপদের বিপরীতে ৩৫তম বিসিএস থেকে নিয়োগের প্রক্রিয়ায় রয়েছে ৬১০ জন এবং ৩৬তম বিসিএস থেকে ৩৫১ জন। আর মাউশির প্রস্তাব দেওয়া বিশেষ বিসিএস থেকে নিয়োগ দেওয়া হবে এক হাজার ৩৭৮ জন। ২০১৯ সালের মধ্যে অবসরে যাওয়া ধরে মোট পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে দুই হাজার ৩৩৯ জন সহকারী শিক্ষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ