নীলফামারী প্রতিনিধি, ০৭ আগষ্ট: নীলফামারীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো ৬০ বছরের বৃদ্ধ মফিজার রহমান। এই দুর্ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে নীলফামারী-জলঢাকা সড়কের অংকুর হিমাগারের সামনে। নিহত মফিজার রহমান জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় উক্ত বৃদ্ধ তার ছেলে মোতালেব সহ চার্জার ভ্যানে নীলফামারী আসছিল। বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক্টর চার্জার ভ্যানটিকে ধাক্কা দিলে বৃদ্ধ মফিজার রহমান ভ্যান হতে ছিটকে রাস্তায় পড়ে ওই ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়। দ্রুত তাকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।